চুয়াডাঙ্গায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে মাইক্রোবাসের ধাক্কায় নারীর মৃত্যু

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ এএম
চুয়াডাঙ্গায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে মাইক্রোবাসের ধাক্কায় নারীর মৃত্যু

সূত্রঃ ফাইল ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি


চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় চলন্ত মাইক্রোবাসের ধাক্কায় ছকিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান চালক।


নিহত ছকিনা খাতুন জীবননগর উপজেলার নিধীকুণ্ড গ্রামের বাসিন্দা। তিনি চার-পাঁচ দিন আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার মেয়ে ফেরদৌসী খাতুন ওই গ্রামের মো. মানিকের স্ত্রী।


স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে হাতিকাটা এলাকায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক পার হচ্ছিলেন ছকিনা খাতুন। এ সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি গাড়িটির নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক গাড়িটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান।


খবর পেয়ে চুয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটি জব্দ করে পুলিশের হেফাজতে নেয়।


এমকে/বিডিমেইল২৪