সাজেকে যাওয়ার পথে স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
সূত্রঃ সংগৃহীত
চাই সুই উ মারমা, বাঘাইছড়ি (রাঙ্গামাটি)
রাঙামাটির সাজেকে যাওয়ার পথে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাজেক এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জন দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের মধ্যে হবিগঞ্জের তিনজন, ব্রাহ্মণবাড়িয়ার দুজন এবং পটুয়াখালীর একজন রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার ফারদিন এহসান হৃদয় (২৪) ও ইয়াছিন (৩২), হবিগঞ্জের সুশান্ত পাল (২৩), হারুন ইসলাম তুষার (২৬) ও রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩) এবং পটুয়াখালীর মো. সাইফুল ইসলাম (২৭)।
সাজেক থানার ওসি মো. তোফাজ্জল হোসেন বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ওই ছয়জন সাজেকে যাওয়ার পথে বাঘাইহাট বাজার এলাকায় একটি জিপে বসে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্লোগান দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এমকে/বিডিমেইল২৪









