কালিগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগ্নের
সূত্রঃ ফাইল ছবি
এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। দুই শিশুর মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
নিহতরা হলো—সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)। ইকবাল তার নানাবাড়ি সোনাতলা গ্রামে বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে পরিবারের সদস্যরা জুমার নামাজ পড়তে গেলে শিশু দুজন বাড়ির কাছাকাছি মাছের ঘেরের বেড়ির দিকে যায়। একপর্যায়ে তারা আবুবক্কর শেখের ঘেরের পাশের পানিতে পড়ে যায়।
শিশু দুজনকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ঘেরের পানিতে তাদের নিথর দেহ দেখতে পান স্বজনরা। দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হলেও ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।
কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘোষ জানান, খবর পেয়ে বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানির স্থান থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, শিশু দুজন ছাগল বাঁধার উদ্দেশ্যে ঘেরের বেড়ির দিকে গিয়েছিল।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, প্রথমে ভাগ্নে ইকবাল পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে মামা আব্দুল্লাহও পানিতে পড়ে যায়। পরে দুজনই পানিতে ডুবে মারা যায়।
দুই শিশুর করুণ মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। সন্তান হারানোর শোকে দুই পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সোনাতলা গ্রামের পরিবেশ। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোক ও বেদনার ছায়া।
এমকে/বিডিমেইল২৪









