গোসাইরহাটে ৫ মাদকসেবী গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা
সূত্রঃ সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের গোসাইরহাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে পাঁচ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা শেষে তাদের শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধীপুর পাওয়ার হাউজ এলাকা ও গোসাইরহাট বাজারে পৃথক অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোসাইরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মো. আবু বক্কর রাড়ী (৩৮), ধীপুর এলাকার বিল্লাল (৪০), চর ধীপুরের রুবেল সরদার (৩৪), দক্ষিণ দাসের জঙ্গলের সুজন শিকদার (৩৫) এবং খোদের জঙ্গলের সোহাগ সরদার (২৫)। তাদের সবার থানা গোসাইরহাট, জেলা শরীয়তপুর।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। পরে পুলিশ পাহারায় তাদের শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়।
গোসাইরহাট থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।









