গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ফিস্টের খাবার নিয়ে’ উত্তেজনা, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ
সূত্রঃ ছবি: সংগৃহীত
মো. নাঈম আশরাফ, গোবিপ্রবি প্রতিনিধি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) স্বাধীনতা দিবস হলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত ফিস্টের খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গোবিপ্রবি শাখার সাবেক সদস্য সচিব হাবিবুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ শিপলুর বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে স্বাধীনতা দিবস হলের অফিস কক্ষের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, ফিস্টের খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে শহীদ তিতুমীর হলের একদল শিক্ষার্থী প্রশাসনিক ভবন ঘেরাওয়ের সিদ্ধান্ত নেয়। এ কর্মসূচিতে স্বাধীনতা দিবস হলের শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে সেখানে গেলে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে হাবিবুর রহমানের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাকে মারধরের অভিযোগ ওঠে। পরে নিরাপত্তার স্বার্থে তিনি হল প্রভোস্টের কক্ষে আশ্রয় নেন। পরিস্থিতি শান্ত হলে শিক্ষার্থীরা সেখান থেকে সরে যান।
হাবিবুর রহমান দাবি করেন, একজনের জন্য খাবারের প্যাকেট নিতে নিচে নামার সময় তিতুমীর হলের কয়েকজন শিক্ষার্থী গেটের সামনে এসে অশালীন ভাষায় কথা বলতে শুরু করেন। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে কয়েকজন তার ওপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে জাকারিয়া মাহমুদ শিপলুসহ আরও কয়েকজন ছিলেন বলে অভিযোগ করেন তিনি।
তবে জাকারিয়া মাহমুদ শিপলু অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি হামলায় জড়িত ছিলেন না। বরং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন। ভিডিও ফুটেজেও সেটি দেখা যাবে বলে দাবি করেন তিনি।
স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান খান বলেন, ঘটনার সময় তিনি ও তার অফিস সহকারী নামাজে ছিলেন। পরে ফিরে এসে হাতাহাতির বিষয়ে জানতে পারেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান জানান, হাবিবুর রহমানের সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন। অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









