কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ইয়াবাসহ চোরাচালানি পণ্য জব্দ; আটক ১
সংগৃহীত
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ২২ হাজার ২১০ টাকা।
শনিবার (৩১ অক্টোবর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ ও ওই ব্যক্তিকে আটক করে।
২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং চোরাচালানমুক্ত পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
এমকে/বিএম২৪









