নেপাল-তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
নেপাল ও চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। দুই দেশের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্যোগে এখন পর্যন্ত ১ হাজার ৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নেপালের জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার তথ্য অনুযায়ী, দেশটিতে বন্যায় ৯৮৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে তিব্বতে ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে চীন। দুই দেশে এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৪৬২ জন।
নেপালে জীবিত উদ্ধারের সংখ্যা বাড়ায় নিখোঁজের সংখ্যা কমে ৩ হাজার ৯১৬ জনে দাঁড়িয়েছে। তিব্বতে নিখোঁজ রয়েছেন আরও ৫৪৬ জন। ফলে উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্যোগের সপ্তম দিনেও দুই দেশে উদ্ধার তৎপরতা চলছে। নেপালে নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক। তারা বিশ্বের ৩০টি দেশ থেকে হিমালয়ের দেশটিতে ভ্রমণে গিয়েছিলেন। তিব্বতে নিখোঁজ ৫৪৬ জনের মধ্যে ২৬১ জন ২৩ দেশের নাগরিক বলে জানা গেছে।
গত বুধবার নেপালের রাসুয়া জেলার ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। প্রবল স্রোতে মরদেহগুলো ভেসে কয়েকশ মাইল দূরে চলে যায়। মরদেহ সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সেগুলো নিয়ে সংকটে পড়ে কর্তৃপক্ষ।
পরিচয় শনাক্তের জন্য মরদেহগুলো থেকে ডিএনএ নমুনা সংগ্রহের পর আপাতত গণকবরে দাফন করা হচ্ছে। পরবর্তী সময়ে পরিচয় শনাক্ত হলে মরদেহ কবর থেকে তুলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।








