৪৯ বছরে পা রাখল বিএনপি

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম
৪৯ বছরে পা রাখল বিএনপি

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ ৪৯ বছরে পা রাখল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে দলটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক পথপরিক্রমায় নানা আন্দোলন, সংকট, উত্থান-পতন ও নির্বাচনী সাফল্যের মধ্য দিয়ে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বিএনপি।


১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর রমনা বটমূলে এক অনুষ্ঠানে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন। প্রতিষ্ঠার পরপরই ১৯ দফা কর্মসূচিকে সামনে রেখে দলটি রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে। ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০০টি আসনে জয় পেয়ে রাষ্ট্রক্ষমতায় আসে।


পরবর্তী সময়ে জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি একাধিকবার সরকার গঠন করে। ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠন করে। ২০০৬ সালে পাঁচ বছরের মেয়াদ শেষে তারা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে।


এরপর দীর্ঘ সময় রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে পড়ে বিএনপি। বিশেষ করে ২০০৭ সালের ওয়ান-ইলেভেনের পর দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার, মামলা ও রাজনৈতিক সংকট দলটির ওপর বড় প্রভাব ফেলে। ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন এবং লন্ডন থেকে দল পরিচালনা করেন।


বিএনপির দাবি, দীর্ঘ সময় ধরে গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করেছে দলটি। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি নতুন রাজনৈতিক বাস্তবতায় ঘুরে দাঁড়ায়। বর্তমানে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে সরকার পরিচালনা করছেন।


জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি


বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি।


তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অবসানের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি তাদের ভালোবাসার প্রতিদান দিতে চায়।


তারেক রহমান বলেন, বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা দেশসেবায় নিজেদের নিয়োজিত রাখবেন।


প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।


সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানানো হবে।


এ ছাড়া ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছ অবমুক্তকরণ কর্মসূচিও নেওয়া হয়েছে।