কুতুবদিয়ায় রাতের আঁধারে জমি দখলের অভিযোগ

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ১০:০৯ পিএম
কুতুবদিয়ায় রাতের আঁধারে জমি দখলের অভিযোগ

সূত্রঃ সংগৃহীত

কুতুবদিয়া প্রতিনিধি


কক্সবাজারের কুতুবদিয়ায় রাতের আঁধারে এক ব্যক্তির জমি বেআইনিভাবে দখলের অভিযোগ উঠেছে। উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের উত্তর মসজিদপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন জমির মালিক মো. নুরুল ইসলাম (৫৪)।


অভিযোগ সূত্রে জানা যায়, নুরুল ইসলাম ২০০৩ সালের ৫ মার্চ ১৫৪ নম্বর রেজিস্ট্রি দলিলের মাধ্যমে ১২ শতক জমি ক্রয় করেন । এরপর থেকে তিনি ওই জমিতে চাষাবাদসহ ভোগদখল করে আসছেন বলে দাবি করেন। তাঁর অভিযোগ, গত ১৬ মে রাতের অন্ধকারে একই এলাকার কথিত ভূমি দস্যু আজান উল্লাহ (৪২) লোকজন নিয়ে বেআইনিভাবে ওই জমিতে প্রবেশ করে দখল নেওয়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে জমিটি দখলে নেন।


স্থানীয় বাসিন্দা আমির হোছাইন, মো. জাফর, আবদু রহিম, জোসনা আক্তারের  সঙ্গে কথা হলে তারা জানান, নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্রয়সূত্রে ওই জমির মালিকানা দাবি করে আসছেন এবং জমিটি চাষাবাদ ও ভোগদখলে রেখেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, কয়েকদিন আগে আজান উল্লাহ রাতের অন্ধকারে লোকজন নিয়ে এসে জমিটি দখলে নেন।


স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল হালিম বলেন, “নুরুল ইসলাম পরিষদে জমি অবৈধভাবে দখলের অভিযোগ দিলে তাৎক্ষণিকভাবে গ্রাম পুলিশ পাঠিয়ে দখলের চেষ্টা বন্ধ করা হয়। পরে রাতের আঁধারে আবার জমিটি দখলে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হয়েছে। তবে আজান উল্লাহ সালিশের সিদ্ধান্ত মানেননি।”


অভিযুক্ত আজান উল্লাহর বক্তব্য জানতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।


এদিকে জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধ ও উত্তেজনা তৈরি হয়েছে বলে জানা গেছে। জমিটির মালিকানা, দখল ও দলিলপত্র যাচাই করে আইনগতভাবে বিষয়টির নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।