কুচিয়ামোড়ায় ব্র্যাকের সবুজ উদ্যোগ, বিতরণ ও রোপণ ১৫ হাজার বাসক চারা
সূত্রঃ সংগৃহীত
পাবনা প্রতিনিধি :
পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের কুচিয়ামোড়ায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) পাবনা-২ অঞ্চলের উদ্যোগে ১৫ হাজার বাসক চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় আতাইকুলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুচিয়ামোড়া সারদিয়ার গোরস্থান রোডে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পুষ্পপাড়া অঞ্চলের কুচিয়ামোড়া শাখা অফিসের সামনে সদস্যদের মাঝে চারা বিতরণের পাশাপাশি পাকা রাস্তার দুই পাশে বাসক চারা রোপণ করা হয়।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স পাবনা-২ অঞ্চলের আয়োজনে আলোচনা সভা, চারা বিতরণ ও রোপণের মধ্য দিয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুধীর কুমার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুস সবুর। তিনি বলেন, বাসক একটি উপকারী ও ঔষধি গুণসম্পন্ন গাছ। সাধারণত পশু এ গাছ খায় না। ফলে জমির চারপাশে এটি রোপণ করলে প্রাকৃতিক বেড়ার কাজ করে।
তিনি আরও বলেন, ব্র্যাকের এ উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয় মানুষের জন্য অর্থনৈতিক সম্ভাবনাও সৃষ্টি করবে।
এলাকা ব্যবস্থাপক সাজ্জাত হোসেনের সঞ্চালনায় চারা রোপণের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন আতাইকুলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন এবং আতাইকুলা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল মালেক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আব্দুল মজিদ, সদর থানা তাঁতি দলের সভাপতি হারুন অর রশিদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, স্থানীয় বাসিন্দা মো. ওহিদুল্লাহ, পিএম জসিম উদ্দিন, আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান, শাখা ব্যবস্থাপক শরিফুল ইসলাম, সাবেক সিনিয়র শাখা ব্যবস্থাপক সুমন হোসেন, ডেপুটি ম্যানেজার হাসানুজ্জামান (বিডিইউ), শাখা হিসাব কর্মকর্তা দীপঙ্কর দেবনাথসহ এলাকার শতাধিক নারী-পুরুষ।
এমকে/বিএম২৪









