কাশিয়াডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল-গুলিসহ ম্যাগাজিন উদ্ধার

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৭:০৭ পিএম
কাশিয়াডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল-গুলিসহ ম্যাগাজিন উদ্ধার

সূত্রঃ সংগৃহীত

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো প্রতিনিধি


রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। তবে এসব অস্ত্রের সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।


রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে কাশিয়াডাঙ্গার আরডিএ প্রান্তিক আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।


সোমবার (৩১ আগস্ট) মোল্লাপাড়া ক্যাম্প র‌্যাব-৫-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


র‌্যাব জানায়, অভিযানের সময় ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড অ্যামুনিশন ও একটি পিস্তলের ম্যাগাজিন পাওয়া যায়। পরে স্থানীয় লোকজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলেও উদ্ধারকৃত অস্ত্রের প্রকৃত মালিক কিংবা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।


র‌্যাবের প্রাথমিক ধারণা, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্র ও গুলি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে সেগুলো কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।


এ ঘটনায় অস্ত্রগুলোর মালিকানা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।



এমকে/বিএম২৪