ইতালির চলচ্চিত্র উৎসবে সাবেক চবিয়ান-এর ‘সিনক্রোনাইজেশন’, এবার প্রদর্শনী চবিতে
সূত্রঃ সংগৃহীত
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষার্থী খালেদ নির্মিত সায়েন্স ফিকশন–ডিস্টোপিয়ান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সিনক্রোনাইজেশন’ ইতালির করলিওনি ফিল্ম ফেস্টিভালে নির্বাচিত হয়েছে।
‘দ্য গডফাদার’ চলচ্চিত্রের করলিওনি পরিবারের নাম অনুসারে প্রতিষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়ার পর এবার চলচ্চিত্রটি প্রদর্শিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
আগামী বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটরিয়ামে চলচ্চিত্রটির প্রদর্শনী হবে। ১৮ মিনিটের ‘সিনক্রোনাইজেশন’-এর পাশাপাশি একই দিনে নির্মাতা খালেদের আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্লাড অ্যান্ড রোজ’ প্রদর্শিত হবে।
দুটি চলচ্চিত্রেই অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বর্তমান শিক্ষার্থীরা। চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন কারিগরি কাজেও যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা।
‘সিনক্রোনাইজেশন’-এ ‘আয়নাঘর’-সদৃশ একটি কয়েদখানায় তিন বন্দির মুক্তির সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। অন্যদিকে ‘ব্লাড অ্যান্ড রোজ’ চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের একটি পরাবাস্তব জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন নির্মাতা।
দীর্ঘদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই চলচ্চিত্র উৎসব ঘিরে দর্শকদের ভালো উপস্থিতির প্রত্যাশা করছেন আয়োজকেরা। ইতালিভিত্তিক চলচ্চিত্র উৎসবে ‘সিনক্রোনাইজেশন’ নির্বাচিত হওয়ায় নির্মাতা ও তাঁর পুরো দল প্রশংসা পেয়েছে। চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকেও চলচ্চিত্রটির প্রশংসা করা হয়েছে। তাঁদের মধ্যে চুয়েট ফিল্ম সোসাইটি ও খুলনা বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের সভাপতিও রয়েছেন।
নির্মাতা খালেদ বলেন, "সিনক্রোনাইজেশনের গল্পটির আইডিয়া এসেছিল স্বৈরাচারের আমলের সময়, যখন বিবেকবান মানুষের জন্য অন্যায়, অনিয়ম ও বৈষম্য দেখে চুপ করে থাকা কঠিন হয়ে পড়েছিল। আমি ভাবলাম, ফিউচারিস্টিক সমাজের কোনো স্বৈরাচার নাগরিকদেরকে রাষ্ট্রযন্ত্রের কোনো অপরাধ আর অন্যায্যতা দেখার, শোনার ও শোঁকার অপরাধে চোখ, কান আর নাক এঁটে নিয়ে জেলে নিক্ষেপ করতে পারে। গতানুগতিক ধারার বাইরে নতুন একটা গল্প লেখার চেষ্টা করেছি। ইতালিয়ান একটি ফিল্ম ফেস্টিভালে নির্বাচিতও হয়েছে। আমি আশাবাদী যে, ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুক্তি পেলে দর্শকরা বেশ আগ্রহের সাথেই দেখতে আসবে।"
এমকে/বিএম২৪









