কালীগঞ্জে দুর্গা মন্দিরে চুরি, ভাঙচুর করা হয়েছে সিসিটিভি ক্যামেরা

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম
কালীগঞ্জে দুর্গা মন্দিরে চুরি, ভাঙচুর করা হয়েছে সিসিটিভি ক্যামেরা

সূত্রঃ সংগৃহীত

মোঃ শাহনেওয়াজ,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়া এলাকায় একটি দুর্গা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় মন্দিরে স্থাপিত দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।


শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে দেওপাড়া দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।


মন্দিরের সভাপতি অজয় কুমার দত্ত জানান, চুরির সময় মন্দিরের সিসিটিভি ক্যামেরায় তিন যুবককে দেখা যায়। দুর্বৃত্তরা মন্দিরের দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। পরে ফুটেজ পর্যালোচনা করে তিন যুবককে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি।


মন্দির কর্তৃপক্ষের দাবি, শনাক্ত ব্যক্তিরা হলেন—দেওপাড়া এলাকার হালিম মিয়ার ছেলে নাইম (২০), হানিফ মিয়ার ছেলে শাহিন (২৫) এবং আব্দুল সাত্তারের ছেলে মো. আলম মিয়া (২৬)। ঘটনার পর থেকে তাঁরা পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


চুরির খবর পেয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব কুমার বাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে বলে জানা গেছে।


এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা ওই যুবকদের বিরুদ্ধে মাদক সেবনসহ বিভিন্ন অভিযোগ করেছেন। তাঁদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে এলাকায় নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


এমকে/বিএম২৪