কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক, নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ পিএম
কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক, নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: বিডি মেইল

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি


শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনের ষষ্ঠ দিনে গাজীপুরের কালিয়াকৈরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চন্দ্রা ত্রিমোড়, ফায়ার সার্ভিস, খাড়াজোড়া, পল্লীবিদ্যুৎ ও সফিপুর এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচল করছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।


বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় সাংবাদিকদের এসব কথা জানান তিনি।


পুলিশ সুপার বলেন, গত কয়েক দিন ধরে শ্রমিকদের যে আন্দোলন চলছে, তা থেকে ধীরে ধীরে সরে আসছেন শ্রমিকেরা। তাঁদের দাবি-দাওয়া পূরণে সরকার ও রাষ্ট্র কাজ করছে—এ বিষয়টি শ্রমিকেরা বুঝতে পারছেন। ফলে আন্দোলনে অংশ নেওয়ার আগ্রহও কমছে। বর্তমানে সড়ক-মহাসড়কে যান চলাচলসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


তিনি আরও জানান, গাজীপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।


এদিকে, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, এসআরবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁদের কার্যক্রম তদারকিতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে জেলা প্রশাসকের কার্যালয়।