কালিয়াকৈরে নদীর পাড়ে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ১১:০৪ পিএম
কালিয়াকৈরে নদীর পাড়ে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়

সূত্রঃ সংগৃহীত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি



গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টান কালিয়াকৈর নদীর পাড় থেকে হায়াত আলী (৬০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হায়াত আলী মানিকগঞ্জের ঘিওর উপজেলার কেল্লা গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।


স্থানীয়রা জানান, নদীর পাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে কালিয়াকৈর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


স্থানীয়দের ধারণা, পাঁচ থেকে ছয় দিন আগে ওই বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে। দীর্ঘ সময় মরদেহটি পড়ে থাকায় তা অর্ধগলিত হয়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।


তবে হায়াত আলীর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।


কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) তাইফুল রহমান বলেন, নদীর পাড় থেকে অর্ধগলিত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




এমকে/বিএম২৪