কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচনে সভাপতি হাসেম, সম্পাদক মুকুল
সূত্রঃ সংগৃহীত
নুরুল আমিন হেলালী, কক্সবাজার প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পর্যটন শহর কক্সবাজারের ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের দ্বিবার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে আবুল হাশেম সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম মুকুল নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শহরের বায়তুশ শরফ জাব্বারিয়া একাডেমিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জুমার নামাজের জন্য দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত ভোটগ্রহণে বিরতি দেওয়া হয়।
ফেডারেশনের ১ হাজার ৩৩০ ভোটারের মধ্যে ১ হাজার ২২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ২১টি পদের মধ্যে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সমাজকল্যাণ সম্পাদক পদে আহম্মেদ কবির এবং প্রচার সম্পাদক পদে গিয়াস উদ্দিন রোকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ১৯টি পদে ৪৬ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়।
ভোটগ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। দীর্ঘ সময় ধরে গণনা শেষে শনিবার রাত সাড়ে ৩টার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীকে ৭১৮ ভোট পেয়ে আবুল হাশেম সওদাগর নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে পাঞ্জাবি প্রতীকে ৬৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আমিনুল ইসলাম মুকুল।
এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে হারিকেল প্রতীকে ৫৩৫ ভোট পেয়ে খালেদ ওমর রানা, সহ-সভাপতি-১ পদে হরিণ প্রতীকে ৮২৯ ভোট পেয়ে মো. নাছির উদ্দীন এবং সহ-সভাপতি-২ পদে খেজুর গাছ প্রতীকে ৫৪৪ ভোট পেয়ে মো. আমিনুল হক নির্বাচিত হয়েছেন।
সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে ৫৬২ ভোট পেয়ে শেখ ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক পদে তালা প্রতীকে ৬০৪ ভোট পেয়ে মো. নাসির উদ্দিন সুমন এবং সাংগঠনিক সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকে ৬৭৫ ভোট পেয়ে শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
অর্থ সম্পাদক পদে কাপ-পিরিচ প্রতীকে ৭৫০ ভোট পেয়ে মো. শহীদুল ইসলাম শহীদ, দপ্তর সম্পাদক পদে দোয়াত-কলম প্রতীকে ৪৮০ ভোট পেয়ে শাহ আলম, আইনবিষয়ক সম্পাদক পদে বই প্রতীকে মো. নজিবুল্লাহ এবং ধর্মবিষয়ক সম্পাদক পদে মিনার প্রতীকে ৮৩৭ ভোট পেয়ে শওকত ইসলাম জয়ী হয়েছেন।
সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে টেবিল ফ্যান প্রতীকে ৭২৫ ভোট পেয়ে রাসেল চৌধুরী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফুটবল প্রতীকে ৫১১ ভোট পেয়ে মোহাম্মদ জয়নাল নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে দোয়েল পাখি প্রতীকে ৬৩২ ভোট পেয়ে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন নুরুল কবির। এ ছাড়া হাতঘড়ি প্রতীকে ৫৮৭ ভোট পেয়ে শফিকুল ইসলাম, শাপলা ফুল প্রতীকে ৫৭৩ ভোট পেয়ে আবছার উদ্দিন, ডলফিন প্রতীকে ৫১৫ ভোট পেয়ে ইলিয়াস এবং তলোয়ার প্রতীকে ৪৯৫ ভোট পেয়ে নেছার উদ্দিন নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকেরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। নবনির্বাচিত নেতারা সাধারণ ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সমিতির উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তাঁরা দায়িত্বশীল ভূমিকা রাখবেন।
নির্বাচনকে ঘিরে দিনভর কক্সবাজারের ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। চূড়ান্ত ফলাফল ঘোষণা পর্যন্ত গভীর রাত অবধি প্রার্থী, কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশন বর্তমানে জেলার ১০২টি দোকান মালিক সমিতির সমন্বয়ে গঠিত একটি বৃহৎ ব্যবসায়ী সংগঠন।









