ঈদগাঁওয়ে ইটভাটা ও স’মিলকে ভ্রাম্যমাণ আদালতের ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পিএম
ঈদগাঁওয়ে ইটভাটা ও স’মিলকে ভ্রাম্যমাণ আদালতের ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা

সংগৃহীত

নুরুল আমিন হেলালী, কক্সবাজার প্রতিনিধি


কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওয়ে অবৈধ ইটভাটা ও লাইসেন্সবিহীন করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়ে চার লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি স’মিল থেকে গোল কাঠ ও দুটি মেশিন জব্দ করা হয়েছে।


বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


অভিযানে জালালাবাদ ইউনিয়নের পূর্ব ফরাজীপাড়ার জনবসতিপূর্ণ এলাকায় কৃষিজমিতে স্থাপিত টিকে ব্রিক ফিল্ডসহ দুটি ইটভাটাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।


এ ছাড়া পোকখালী ব্রিজসংলগ্ন এলাকায় লাইসেন্সবিহীন দুটি স’মিল পরিচালনার দায়ে মোফিজ উদ্দিন ও শামসুল আলমকে করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।


অভিযানকালে স’মিলে সংরক্ষিত গোল কাঠ ও দুটি মেশিন জব্দ করা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভোমরিয়াঘোনা রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা মুঠোফোনে অবৈধ ইটভাটা ও স’মিলের বিরুদ্ধে অভিযান এবং জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


অভিযানে ঈদগাঁও থানার ওসি (তদন্ত) সোমনাথ বোস, ভোমরিয়াঘোনা রেঞ্জ কর্মকর্তা উজ্জল হোসাইন, বিট কর্মকর্তা ফরহাদ বিন বেলাল, আনসার সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয়রা সহযোগিতা করেন।


এমকে/বিএম২৪