আলপনা, সুর আর শুভ্রতার আবহে যবিপ্রবিতে জলতরঙ্গের ‘শরৎ শুভ্রম’

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫২ পিএম
আলপনা, সুর আর শুভ্রতার আবহে যবিপ্রবিতে জলতরঙ্গের ‘শরৎ শুভ্রম’

ছবি: সংগৃহীত

যবিপ্রবি প্রতিনিধি

বর্ষার বিদায়ের পর ঋতুরাণী শরতের স্নিগ্ধতা ও শুভ্রতার বার্তা ছড়িয়ে দিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সংগঠন ‘জলতরঙ্গ’-এর বিশেষ ঋতু উৎসব ‘শরৎ শুভ্রম-পর্ব ৪’। বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের বিপরীত পাশের উন্মুক্ত প্রাঙ্গণে দিনব্যাপী নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি উদযাপন করেন শিক্ষার্থীরা।


উৎসবকে ঘিরে কয়েক দিন ধরেই ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সড়কে আলপনা আঁকা, নান্দনিক মঞ্চসজ্জা, খাবারের স্টল ও বিশেষ ফটো বুথ তৈরিতে ব্যস্ত সময় পার করেন সংগঠনের সদস্যরা।


সকাল ১০টায় বর্ণিল আলপনা উন্মোচনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে বেলা ১১টায় বিভিন্ন খাবারের স্টল ও উৎসবের অন্যতম আকর্ষণ ‘বিশেষ ফটো বুথ’ উদ্বোধন করা হয়। নীল আকাশ ও কাশফুলের আবহে সাজানো ফটো বুথে ছবি তুলতে এবং ঐতিহ্যবাহী খাবারের স্টলগুলোতে দিনভর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ভিড় দেখা যায়।


দিনব্যাপী আয়োজন শেষে বিকেল ৫টা থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে জলতরঙ্গের শিল্পীদের পরিবেশনায় শরতের গান, কবিতা আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। তাদের পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো যবিপ্রবি প্রাঙ্গণ।


আয়োজকরা জানান, শরতের নির্মল আকাশ ও শুভ্রতার আবহে দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে ক্যাম্পাসকে রঙিন ও মুখরিত করে তুলতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতে সংস্কৃতি চর্চার এই ধারা আরও বিস্তৃত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।


উল্লেখ্য, যবিপ্রবির অন্যতম সক্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘জলতরঙ্গ’ প্রতি বছর শরতের রূপ-লাবণ্যকে ক্যাম্পাসে বরণ করে নিতে ‘শরৎ শুভ্রম’ আয়োজন করে আসছে। আয়োজনটি শিক্ষক-শিক্ষার্থীদের মাঝেও ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।