অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ এএম
অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

সূত্রঃ সংগৃহীত

সাভার প্রতিনিধি


ঢাকার সাভারে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক উপপরিদর্শককে (এসআই) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা তার মালিকানাধীন একটি কারখানায় ভাঙচুরও চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।


নিহত পুলিশ সদস্যের নাম মো. আলতাফ হোসেন। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল ব্র্যাঞ্চে এসআই হিসেবে কর্মরত ছিলেন। গুরুতর আহত তার ছেলে মো. আরিফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


শনিবার রাত ১১টার দিকে সাভারের আমিনবাজারের বরদেশি এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (৬ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম।


পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার রাতে নিজের কারখানার কাছে বাসায় ফেরার পথে আলতাফ কয়েকজন যুবককে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধর করতে দেখেন। এ সময় তিনি এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবকেরা আলতাফকেও মারধর শুরু করেন।


পরিস্থিতি থেকে বাঁচতে আলতাফ নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে দৌড়ে তার কারখানার ভেতরে চলে যান। পরে অভিযুক্তরা আরও ১৫ থেকে ২০ জনকে ডেকে এনে ওই কারখানায় হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।


হামলাকারীরা কারখানায় ঢুকে বিভিন্ন মেশিন ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাঙচুর করে। একপর্যায়ে তারা আলতাফ হোসেন ও তার ছেলে আরিফকে পিটিয়ে গুরুতর আহত করে চলে যায়।


পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। তার ছেলে আরিফ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।


সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, নিহত মো. আলতাফ হোসেন ডিএমপিতে এসবির উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে তিনি বরদেশী এলাকায় ভাড়া থাকতেন। পাশাপাশি ওই এলাকায় নিজের ৫ শতাংশ জমিতে টিনশেডের একটি কারখানায় মিনি গার্মেন্টস পরিচালনা করতেন। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।



এমকে/বিএম২৪