এ প্লাসে শীর্ষে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, পাসের হারে জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়
সূত্রঃ সংগৃহীত
নুরুল আমিন হেলালী, কক্সবাজার প্রতিনিধি
পর্যটননগরী কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওয়ের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় প্রতিবছরের মতো এবারও শীর্ষে রয়েছে উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন। অন্যদিকে, পাসের হারে এগিয়ে রয়েছে মাধ্যমিক স্তরের একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠান ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়।
প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন থেকে এবার ২৫৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৬০ জন পাস করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৬২ দশমিক ৯৯ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
অন্যদিকে, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয় থেকে ৬০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪৪ জন পাস করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৭৩ দশমিক ৩৩ শতাংশ, যা প্রকাশিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ। এ প্রতিষ্ঠান থেকে ১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এ ছাড়া ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৩ জন পাস করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৬৯ দশমিক ০৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ জন।
নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১ জন পাস করেছে। পাসের হার ৬৩ দশমিক ২৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন।
পোকখালী উচ্চ বিদ্যালয়ে ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭ জন পাস করেছে। পাসের হার ৬৫ দশমিক ৮৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন।
অন্যদিকে, গোমাতলী উচ্চ বিদ্যালয়ে ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন পাস করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৩৪ দশমিক ২১ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
সার্বিকভাবে প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় শীর্ষে রয়েছে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন। অন্যদিকে, পাসের হারে এগিয়ে রয়েছে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়।
ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মো. শহিদুল হক জানান, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়ার ধারাবাহিক সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে শতভাগ পাস নিশ্চিত করতে আরও আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অপরদিকে, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন তাঁর বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করেন। ভবিষ্যতে আরও ভালো ফলাফল উপহার দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমকে/বিএম২৪








