স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এনসিপির কমিটি গঠন, চেয়ারম্যান সারজিস আলম

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৭ পিএম
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এনসিপির কমিটি গঠন, চেয়ারম্যান সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি জোরদার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্যে একটি কেন্দ্রীয় ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে দলটি। নবগঠিত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দায়িত্ব নিয়েই কার্যক্রম শুরুর ঘোষণা

কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন সারজিস আলম। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান,

“সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত যারা প্রার্থী হতে আগ্রহী, তারা প্রস্তুতি নিন। আমরা শিগগিরই আপনাদের সঙ্গে যোগাযোগ করব।”

তার এই ঘোষণার মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সমন্বয় এবং নির্বাচনী কৌশল নির্ধারণে এনসিপি সক্রিয়ভাবে কাজ শুরু করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশনায় কমিটি

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন–এর নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন:

আরিফুল ইসলাম আদীব

আলাউদ্দীন মোহাম্মদ

তাহসীন রিয়াজ

অ্যাডভোকেট মনজিলা ঝুমা

সাংগঠনিক সমন্বয়ে জোর:

কমিটিতে দলের সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ এক্স-অফিসিও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন এবং দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের নেতাদের সার্বিক সহযোগিতার কথাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

দলীয় সূত্র বলছে, স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূলভিত্তিক প্রার্থী মনোনয়ন, যোগ্যতা যাচাই, নির্বাচনী কৌশল নির্ধারণ এবং মাঠপর্যায়ের সাংগঠনিক শক্তি যাচাইয়ের কাজ করবে এই কমিটি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন নানা জল্পনা-কল্পনা চলছে, তখন এনসিপির এই কমিটি গঠনকে দলটির নির্বাচনী প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হিসেবে দেখছেন রাজনৈতিক।।



বা/মে২৪/ম