সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলের
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব ও রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশার কথা জানান।
মির্জা ফখরুল বলেন, তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চান, যেখানে প্রান্তিক জনগোষ্ঠী, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ দুবেলা পেট ভরে খেতে পারবেন এবং নিরাপদ ও সুস্থ পরিবেশে বসবাস করতে পারবেন। একই সঙ্গে দেশের বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থান এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন, বিশ্বের বুকে বাংলাদেশিরা একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি জনকল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি তাদের পাশে ছিলেন। এ জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের পাশাপাশি দেশবাসী, গণমাধ্যম এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষভাবে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তার নেতৃত্বেই প্রত্যাশিত বাংলাদেশের গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের আগে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। তিনি বলেন, নতুন দায়িত্বে গেলে অনেক কিছুই মিস করবেন। এ সময় তিনি সবার সুস্থতা, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে দেশ গঠনে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, এ দিনে সবচেয়ে বেশি মনে পড়ছে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তার কাছ থেকে পাওয়া স্নেহ ও সান্নিধ্যের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
বামপন্থী ছাত্ররাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করা মির্জা ফখরুল পরবর্তীতে ভাসানী ন্যাপে যুক্ত হন। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপিতে যোগ দেন। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় বেগম খালেদা জিয়া তাকে দলের মহাসচিবের দায়িত্ব দেন।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। পরে খালেদা জিয়ার সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে তিনি স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্বেও রয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদের সংসদ কক্ষে শুরু হয়েছে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনের নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন এ ভোট পরিচালনা করছেন।
মির্জা ফখরুল জানিয়েছেন, তিনিও দুপুর ২টায় সংসদে গিয়ে ভোট দেবেন।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের আগে রাজধানীর হেয়ার রোডের ৩৫ নম্বর বাসভবনে তার সঙ্গে দেখা করতে নেতা-কর্মীদের ভিড় দেখা গেছে। নিজের নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা তার সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তিনি সবার কাছে দোয়া চাইছেন।
বুধবার বিএনপির সংসদীয় দলের সভায় অংশ নেন মির্জা ফখরুল। রাষ্ট্রপতি নির্বাচিত হলে এটিই তার শেষ সংসদীয় দলের সভা হিসেবে বিবেচিত হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়ে যাবে।
এমকে/বিএম২৪









