লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, পরিবেশে সন্তোষ

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০ এএম
লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, পরিবেশে সন্তোষ

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ–১ (শৈলকুপা) আসনের বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষও প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে তিনি ভোটকেন্দ্রে উপস্থিত হন। কোনো বিশেষ সুবিধা গ্রহণ না করে সাধারণ ভোটারদের সারিতেই দাঁড়িয়ে থাকেন। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর সকাল ৭টা ৪০ মিনিটে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই দিনটিতে তিনি স্মরণ করছেন তাদের, যারা ভোটাধিকারের আন্দোলনে প্রাণ দিয়েছেন বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, সাড়ে চার হাজার সহযোদ্ধা প্রাণ হারিয়েছেন। পাশাপাশি গুম হওয়া ব্যক্তি ও আন্দোলনে আহতদের কথাও উল্লেখ করেন তিনি।

গত নির্বাচনের সঙ্গে এবারের নির্বাচনের পার্থক্য তুলে ধরে আসাদুজ্জামান বলেন, এবার প্রার্থীরা নির্ভয়ে ও বাধাহীনভাবে প্রচারণা চালাতে পেরেছেন এবং ভোটাররাও নির্বিঘ্নে ভোট দিতে পারছেন। “কারোর ভোট রাতে হয়ে যায়নি এবং মৃত মানুষ কবর থেকে উঠে এসে ভোট দিয়ে যেতে পারেনি,” — মন্তব্য করেন তিনি। নিজের জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন সাবেক এই রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।

এদিকে ঝিনাইদহ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ জানিয়েছেন, সুষ্ঠু ও নিরাপদ ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলার ভোটকেন্দ্রগুলোতে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, জেলায় প্রায় ১১ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে রয়েছেন ৭ হাজার ৬৪৪ জন আনসার সদস্য, ১ হাজার ৬৪৪ জন পুলিশ সদস্য, ১ হাজার ২৯ জন সেনাবাহিনীর সদস্য, র‌্যাবের ৪৮ জন সদস্য এবং বিজিবির ২২২ জন সদস্য। এছাড়া ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একাধিক ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে। জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৫৮৮টি, যার মধ্যে ২৩৭টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত। মোট ভোটারের সংখ্যা ১৫ লাখ ৯৬ হাজার ৩৯৩ জন। চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২১ জন প্রার্থী।





বা/মে২৪/ম