বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের তালিকা ঘোষণা
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত তালিকায় অভিজ্ঞ ও ত্যাগী নেত্রীদের প্রাধান্য দেওয়া হয়েছে। মনোনীতদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা এবং রেহানা আক্তার রানু। এছাড়াও স্থান পেয়েছেন নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা এবং হেলেন জেরিন খান।
তালিকার অন্যদের মধ্যে রয়েছেন নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ এবং সুবর্ণা শিকদার।
৩৬ জনের পূর্ণাঙ্গ তালিকায় আরও আছেন শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা এবং নাদিয়া পাঠান পাপন।
দলীয় সূত্রে জানা গেছে, এই মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে গত দুই দিনে বিএনপির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড প্রায় ৯০০ জন নারী মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করে। রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকারে দেশের ১০টি সাংগঠনিক বিভাগের নারী প্রার্থীরা অংশ নেন।
সাক্ষাৎকারে অংশ নেওয়া প্রার্থীরা দলের আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা, ত্যাগ ও দীর্ঘদিনের অবদান তুলে ধরেন। পাশাপাশি মনোনয়ন পাওয়া বা না পাওয়ার পর দলের নির্দেশনা মেনে চলার প্রতিশ্রুতি দেন এবং ভবিষ্যত রাজনৈতিক কর্মপরিকল্পনা সম্পর্কেও মতামত ব্যক্ত করেন।
বিএনপির সংশ্লিষ্ট নেতারা জানান, তৃণমূল থেকে উঠে আসা এবং দলের প্রতি নিবেদিতপ্রাণ নেত্রীদের মূল্যায়ন করেই এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। দলীয় ঐক্য বজায় রেখে আগামীর রাজনৈতিক কর্মসূচিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানানো হয়েছে।








