বিএনপির অভিযোগ, জামায়াতের ভোটকেন্দ্র দখল ও কারচুপির চিত্র হতাশাজনক
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি জানিয়েছে, জামায়াত পরাজয়ের আশঙ্কায় সহিংসতা, ভোটকেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহার, কারচুপি ও জালভোটের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করছে, যা অত্যন্ত হতাশাজনক।
বুধবার রাতে গুলশানে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ অভিযোগ করেন। তিনি বলেন, দলীয় নেতাকর্মীকে জনগণের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, তারা যেন ভোটকেন্দ্রগুলো পালাক্রমে পাহারা দেন এবং ভোটের ফলাফল বুঝে নিয়ে কেন্দ্র ত্যাগ করেন।
নজরুল ইসলাম খানের অভিযোগ, ভোটের আগের দিন ও রাতে জামায়াতের সহিংসতা এবং কারচুপির নানা ঘটনা ঘটেছে। সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা নিয়ে আটক জামায়াতের ঠাকুরগাঁও জেলা আমিরের বার্ষিক আয় সাড়ে চার লাখ টাকা। শরীয়তপুরে সাড়ে ৭ লাখ টাকা নিয়ে আটক জামায়াত কর্মীকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিভিন্ন স্থানে জামায়াতের ১২ নেতা টাকা বিতরণের অভিযোগে আটক হয়েছেন। পটুয়াখালী-১ আসনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা আটক হয়েছে। এছাড়া, রাজধানীতে ভোটকেন্দ্র দখল করার চেষ্টা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নজরুল ইসলাম খান বলেন, জামায়াতের বিরুদ্ধে দেশে বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগ উঠেছে এবং তারা ভোটের সময় জনতার প্রতিরোধের মুখে পড়েছে।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানান, দেশের জনগণ দীর্ঘদিন পর ভোট দিতে যাচ্ছেন এবং এ নির্বাচন ঘিরে সবার মাঝে গভীর আবেগ ও প্রত্যাশা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বিএনপির বিজয় নিশ্চিত হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ এবং দলের চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।









