ফেসবুকে গণভোটের পক্ষে অবস্থান, মুহূর্তেই ছাত্রদল নেতার বহিষ্কার
মোঃ ওমর ফারুক সুমন, লালমনিরহাট প্রতিনিধি:
গণভোটের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অল্প সময়ের মধ্যেই লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত রাকিবুল হাসান উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাকিবুল হাসানকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তাকে এড়িয়ে চলার নির্দেশনাও দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে ‘MD Rakibull Hasan’ নামের একটি ফেসবুক আইডি থেকে ‘টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করেন’ শিরোনামে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্ট দেওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যেই জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খানের অনুমোদনে তার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়।
রাকিবুল হাসান দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে সাম্প্রতিক জুলাই আন্দোলনে জেলা শহরসহ আদিতমারী উপজেলায় তিনি সক্রিয়ভাবে অংশ নেন বলে জানা গেছে।
বহিষ্কারের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাকিবুল হাসান বলেন, ছোটবেলা থেকেই বিএনপির রাজনীতির প্রতি তার আগ্রহ তৈরি হয়। অন্যায়ের বিরুদ্ধে দলের অবস্থান তাকে রাজনীতিতে আসতে উৎসাহিত করেছে। তিনি আরও বলেন, দশম শ্রেণি থেকেই ছাত্রদলের রাজনীতিতে যুক্ত আছেন এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। তবে একটি ফেসবুক পোস্টের জেরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে তিনি দাবি করেন।









