নির্বাচিত এমপির চেয়ে অনির্বাচিত চেয়ারম্যানের ক্ষমতা বেশি: সারজিস

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৯:৩৩ এএম
নির্বাচিত এমপির চেয়ে অনির্বাচিত চেয়ারম্যানের ক্ষমতা বেশি: সারজিস

সূত্রঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পার্বত্য চট্টগ্রামে নির্বাচিত সংসদ সদস্যের তুলনায় অনির্বাচিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা বেশি।


বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রাঙামাটি শহরের একটি রেস্তোরাঁয় এনসিপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।


সারজিস অভিযোগ করেন, পার্বত্য জেলা পরিষদগুলোতে বিপুল অর্থ বরাদ্দ এলেও এলাকায় মানসম্মত স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংকট রয়েছে। তাঁর দাবি, দলীয় প্রভাব ও কোরামবাজির কারণে অনেক ত্যাগী নেতাকর্মী জেলা পরিষদে স্থান পাননি।


তিনি দ্রুত পার্বত্য জেলা পরিষদগুলোর নির্বাচন আয়োজন করে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানান।


বিএনপির সমালোচনা করে সারজিস বলেন, আওয়ামী লীগ সরকারের সময় যে ধরনের নিপীড়ন ও দলীয়করণের চর্চা দেখা গিয়েছিল, বিএনপি ক্ষমতায় আসার পর একই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগের মাধ্যমে সেগুলো নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


জামায়াতের সঙ্গে এনসিপির ১১ দলীয় নির্বাচনী জোট নিয়ে তিনি বলেন, এ জোট ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। জোটকে ঘিরে একটি ‘ফ্যাসিবাদী গ্রুপ’ অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।


এ ছাড়া শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রসঙ্গে সারজিস বলেন, ‘ডিসেম্বরে আসা তো দূরের কথা, শেখ হাসিনার কবরও বাংলাদেশের মাটিতে হবে না।’



এমকে/বিএম২৪