নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর এক ফেসবুক পোস্টে তাকে অভিনন্দন জানান ডা. শফিকুর রহমান।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘আজ ২০ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। এ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
তিনি আরও আশা প্রকাশ করেন, রাষ্ট্রের অভিভাবক হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি আগামী দিনগুলোতে ইনসাফ প্রতিষ্ঠা, গণতন্ত্র সমুন্নত রাখা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞা কাজে লাগাবেন।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন বিরোধীদলীয় নেতা।
এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ২৫৫ ভোট। আর অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
এমকে/বিএম২৪








