ডাউনির কাছে ‘আয়রন ম্যান’ নয়, বেশি প্রিয় ‘ডক্টর ডুম’

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৭:৩৬ পিএম
ডাউনির কাছে ‘আয়রন ম্যান’ নয়, বেশি প্রিয় ‘ডক্টর ডুম’

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ‘আয়রন ম্যান’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র। তবে এবার সেই নায়ক নয়, খলনায়ক ‘ডক্টর ডুম’ চরিত্রেই অভিনয়ের অভিজ্ঞতা বেশি উপভোগ করছেন তিনি।


সম্প্রতি ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে ডাউনিকে প্রশ্ন করা হয়, ‘আয়রন ম্যান’ ও ‘ডক্টর ডুম’—দুই চরিত্রের মধ্যে কোনটি তার বেশি পছন্দ? জবাবে তিনি জানান, আপাতত ‘ডুম’ চরিত্রটিই তার কাছে বেশি উপভোগ্য।


ডাউনি বলেন, এতদিন অন্যরা যা করছিলেন, তা কাছ থেকে দেখার সুযোগ এবার পাচ্ছেন তিনি। অন্যরা যখন সুপারহিরোর পোশাকে থাকেন, তখন তাকে মাস্ক ও হুড পরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে—যা তার কাছে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-তে এই সম্পর্কের গল্প যেভাবে এগোবে, সেটিও তার কাছে রোমাঞ্চকর ও প্রত্যাশার বাইরে বলে মন্তব্য করেন তিনি।


অনুষ্ঠানে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার কিছু বিশেষ ফুটেজও প্রকাশ করে মার্ভেল স্টুডিওস। সেখানে পেড্রো প্যাসকেলের চরিত্র রিড রিচার্ডসের সঙ্গে ডক্টর ডুমের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের আভাস পাওয়া যায়। সুপারহিরোদের কর্মকাণ্ড নিয়েও ডুমকে প্রশ্ন তুলতে দেখা যায়।


২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ টনি স্টার্ক তথা আয়রন ম্যানের মৃত্যুর মধ্য দিয়ে চরিত্রটির যাত্রা শেষ হয়। তবে পাঁচ বছর পর মার্ভেল ঘোষণা দেয়, নতুন রূপে ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র। এবার তাকে দেখা যাবে ভিলেন ডক্টর ডুমের ভূমিকায়।


সিনেমাটিতে ডাউনি ও পেড্রো প্যাসকেলের পাশাপাশি অভিনয় করেছেন ক্রিস ইভানস, ক্রিস হেমসওয়ার্থ, পল রাড, অ্যান্থনি ম্যাকি, ফ্লোরেন্স পিউ ও ভ্যানেসা কার্বি। রুশো ব্রাদার্স যৌথভাবে সিনেমাটি পরিচালনা করেছেন। বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ আগামী ১৮ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



এমকে/বিএম২৪