ঈদগাঁওয়ে ভিপি বাহাদুরের নির্বাচনী পথসভা- স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার স্টেশন ও মহিলা কলেজ নির্মাণের প্রতিশ্রুতি
নুরুল আমিন হেলালী:
পর্যটন নগরী কক্সবাজার-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জামায়াত মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী শহিদুল আলম বাহাদুর (দাঁড়ি পাল্লা)-এর সমর্থনে ঈদগাঁও বাস স্টেশনে নির্বাচনী পথসভা অনুষ্টিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ঈদগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মৌঃ সেলিম উল্লাহ জিহাদী এর সভাপতিত্বে ঈদগাঁওয়ের সর্বশেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান মেহমান হিসেবে সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর বলেন, ঈদগাঁওবাসী দীর্ঘদিনের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। মান সম্মত স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় এই এলাকার সাধারণ মানুষ যথাযথ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে ঈদগাঁওতে একশত শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হবে।
তিনি আরও বলেন, এই এলাকা কক্সবাজারের সামগ্রিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। বিশেষ করে এই এলাকার প্রবাসী ভাইয়েরা লক্ষ-লক্ষ টাকা রেমিট্যান্স পাঠিয়ে থাকে। সেই অনুযায়ী অতীতের কোন জনপ্রতিনিধি অবকাঠামো, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেনি। আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের সমর্থনে যদি আমি নির্বাচিত হই তাহলে ঈদগাঁও যে স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস স্টেশন ও নারী শিক্ষার জন্য অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি তার বক্তব্যে বলেন, জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের চেতনাকে নস্যাৎ করে শহীদদের সঙ্গে গাদ্দারি করতে একটি চক্র অপচেষ্টা চালাচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচারহীনতা নিশ্চিত করতে তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু এবার জনগণ তাদের লালকার্ড দেখাবে।
তিনি আরও বলেন, আমরা দেশে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করি। কেউ যদি নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করে কেন্দ্র দখল বা কারচুপির চেষ্টা করে, তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। আমাদের লক্ষ্য হচ্ছে জাতির সামনে ঘোষিত ইশতিহার অনুযায়ী দেশ পরিচালনা করা। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করে দেশের মা-বোনদের শ্লীলতাহানি রোধ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান, ডাকসু জিএস এসএম ফরহাদ, এবি পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাসেম, খেলাফত মজলিস কক্সবাজার জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ জুনায়েদ,
জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সেলিম উল্লাহ বাহাদুর, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ইখতেখার উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় ও ১১ দলীয় জোট নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও আসন পরিচালক অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সাংগঠনিক সেক্রেটারি ও আসন সচিব
আল আমীন মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মাওলানা ছৈয়দ নূর, মাস্টার ছৈয়দুল আলম।
ঈদগাঁও উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আজিমের সঞ্চালনায় জনসভা অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জনসভায় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
বা/মে২৪/ম









