আসমানে ফয়সালা হয়ে গেছে—তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী: আমান উল্লাহ আমান
ডেস্ক রিপোর্টঃ
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বলেছেন, আসমানে ফয়সালা হয়ে গেছে—তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী। তালতলীর অবহেলিত মানুষের উন্নয়ন চাইলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া সালেহিয়া মাদ্রাসা মাঠে ধানের শীষের নির্বাচনি সভায় এসব কথা বলেন আমান উল্লাহ আমান।
তিনি বলেন, দেশের মানুষ আর বর্তমান শাসনব্যবস্থা চায় না। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ। আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার আত্মীয়স্বজনদের নিরাপদে পাঠিয়ে নিজেও ভারতে পালিয়ে গেছেন। এই দল করার আর কোনো প্রয়োজন নেই। যারা এতদিন আওয়ামী লীগ করতেন, তারাও এখন বুঝে গেছেন—ধানের শীষই দেশের ভবিষ্যৎ।
আমান উল্লাহ আমান আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি নয়, সবাইকে নিয়ে দেশ গড়তে চায়। তাই ভয়ভীতি ভুলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি ক্ষমতায় এলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলেও মন্তব্য করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। তিনি বলেন, তালতলীর মানুষ বরাবরই গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। এবারও ভোটের মাধ্যমে সেই বার্তা দেওয়া হবে।
এ সময় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, বরগুনা-১ আসন (বরগুনা সদর, আমতলী ও তালতলী) দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এ আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে।
বা/মে২৪/ফা









