স্টুডিওতে হামলা-ভাঙচুর, যা বললেন সালমান মুক্তাদির

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ এএম
স্টুডিওতে হামলা-ভাঙচুর, যা বললেন সালমান মুক্তাদির

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্টুডিওর চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর স্টুডিওর ভাঙচুরের ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন সালমান মুক্তাদির।


শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভিডিওতে স্টুডিওর বিভিন্ন অংশের ভাঙচুরের চিত্র দেখা যায়। এ সময় স্টুডিওর কয়েকজন কর্মীকেও কান্নারত অবস্থায় দেখা যায়।


ভিডিওতে সালমান মুক্তাদির বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল…এই পুরো অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’


তিনি আরও বলেন, ভিডিওটি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে বিশেষভাবে তৈরি করেছেন। একই সঙ্গে ঘটনার জন্য স্থানীয় জমি-সংক্রান্ত বিরোধকে দায়ী করে তিনি বলেন, জমির মালিকের সঙ্গে চাঁদাবাজি নিয়ে কোনো একটি ঘটনা ঘটেছিল বলে তিনি ধারণা করছেন। সেই বিরোধের জেরে সম্পত্তি ক্ষতিগ্রস্ত করতে গিয়ে তাদের স্টুডিওও ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেন তিনি।


তবে পুলিশের বক্তব্য, ঘটনাটি চাঁদাবাজির কারণে ঘটেনি এবং সালমান মুক্তাদিরের স্টুডিওও হামলাকারীদের লক্ষ্য ছিল না।


ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম জানান, ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।


পুলিশ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি এবং সালমান মুক্তাদিরের স্টুডিও হামলাকারীদের টার্গেট ছিল না।


ভাঙচুরের পরও কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়ে সালমান মুক্তাদির ভিডিওতে বলেন, ‘আমি এর থেকে বড় কিছু করব।’



এমকে/বিএম২৪