যারা তাঁবেদার রাষ্ট্র করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম
যারা তাঁবেদার রাষ্ট্র করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশকে উপনিবেশ বা তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল আমিন রিজভী।


শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে’ তিনি এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা গাজী মো. সেলিম রেজা।


রিজভী বলেন, ‘এই দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই। যারা বাংলাদেশকে উপনিবেশ করতে চায়, যারা বাংলাদেশকে একটি তাঁবেদার রাষ্ট্র করতে চায়, জাতীয়তাবাদী ওলামা দল এবং বিএনপি তাদের বিরুদ্ধে রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, পথে-প্রান্তরে কঠিন ব্যারিকেড গড়ে তুলবে।’


প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এর আগে তারেক রহমানের বাবা ১৯৮০ সালে এবং মা ১৯৯২ সালে জাতিসংঘে বক্তব্য দিয়েছেন। এবার তাদের জ্যেষ্ঠ পুত্র হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে বক্তব্য দিয়েছেন।


রিজভীর ভাষ্য অনুযায়ী, তারেক রহমান অস্ত্রের পরিবর্তে যুক্তিতর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতাকে পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহারের কথা বলেছেন। একই সঙ্গে বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন।


তিনি আরও বলেন, তারেক রহমান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির কথা পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়েও তিনি বক্তব্য দিয়েছেন বলে জানান রিজভী।


রিজভী বলেন, বিশ্বের মানুষ শান্তি চায়, যুদ্ধ চায় না। যুদ্ধের কারণে পণ্যমূল্য, খাদ্য ও জ্বালানির দাম বাড়ে। গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়, শিল্প-কারখানা বন্ধ হয়ে মানুষ বেকার হয়ে পড়ে।


দেশকে অস্থিতিশীল করার অভিযোগ তুলে তিনি বলেন, যারা আগুন দিয়ে গাড়ি পুড়িয়ে গণতন্ত্রের ধারাকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের বিরুদ্ধেই জাতীয়তাবাদী ওলামা দল প্রতিবাদ করছে।


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, কোনো ‘পাতানো’ বা ‘মিডনাইট’ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসেনি; অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট সরকার ক্ষমতায় এসেছে। মানুষের কল্যাণ ও সামাজিক সুরক্ষায় সরকার কাজ করছে বলেও তিনি দাবি করেন।


সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।


এমকে/বিএম২৪