জমি নিয়ে বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ এএম
জমি নিয়ে বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে এবং রোববার সকালে তাঁদের আটক করা হয়।


পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। হামলাটি সালমান মুক্তাদিরের স্টুডিওকে লক্ষ্য করে করা হয়নি এবং এর সঙ্গে চাঁদাবাজির কোনো সম্পর্ক নেই।


ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম বলেন, নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। সালমান মুক্তাদিরের স্টুডিও হামলাকারীদের লক্ষ্য ছিল না বলেও জানান তিনি।


শনিবার রাতে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানান সালমান মুক্তাদির। পরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনার একটি ভিডিও প্রকাশ করেন।


ভিডিওতে স্টুডিওর বিভিন্ন অংশে ভাঙচুরের চিত্র দেখা যায়। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় স্টুডিওর কয়েকজন কর্মীকেও কান্নারত অবস্থায় দেখা যায়।


ভিডিওতে স্টুডিওর ভাঙচুরের চিত্র দেখিয়ে সালমান মুক্তাদির বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল…এই পুরো অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’


এমকে/বিএম২৪