বন্যার্তদের জন্য ৫০০ ঘর বানাবেন সালমান খান
সূত্রঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক
আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও গৃহহারা মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকা সালমান খান। বন্যাদুর্গত পরিবারগুলোর পুনর্বাসনে ৫০০টি আধা স্থায়ী ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি। এ কাজে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার (এনজিও) সঙ্গে যৌথভাবে কাজ করছে তার দাতব্য সংস্থা ‘বিইং হিউম্যান’।
আসামে সাম্প্রতিক বন্যায় হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে বন্যাকবলিত এলাকায় খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছিল ‘বিইং হিউম্যান’। এবার ত্রাণ কার্যক্রমের দ্বিতীয় ধাপে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মিড-ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি শিবসাগরের নেপালি খুটি গ্রামে ইতোমধ্যে প্রায় ২২০টি আধা স্থায়ী ঘর নির্মাণ করা হয়েছে। বাঁশ ও টিনের ছাদ ব্যবহার করে এসব ঘর তৈরি করা হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণে আনুমানিক ৩৫ হাজার থেকে ৪০ হাজার রুপি খরচ হচ্ছে।
এই উদ্যোগের সঙ্গে সালমান খান যুক্ত হওয়ার পেছনে বলিউড অভিনেতা রণদীপ হুদা-এর ভূমিকা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে রণদীপকে সরাসরি ত্রাণ কার্যক্রমে অংশ নিতে দেখে সালমান এ উদ্যোগ আরও দ্রুত এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। পরে দুজনের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়।
রণদীপ সালমানকে জানান, ‘গ্লোবাল শিখস’-এর ত্রাণ কার্যক্রমে প্রায় ৭০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা অমরপ্রীত সিং জানান, বন্যার পানির ঝুঁকি বিবেচনায় নিয়ে আধা স্থায়ী ঘর নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এরপর সালমানের সংস্থা ও ‘গ্লোবাল শিখস’ যৌথভাবে ৫০০টি ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয়।
অমরপ্রীত সিং বলেন, সালমান খান কয়েক দিন আগে তাদের সঙ্গে কথা বলে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। নেপালি খুটিতে প্রথম ধাপে ২২০টি ঘরের নির্মাণকাজ শেষ হয়েছে এবং সেগুলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে হস্তান্তর করা হচ্ছে। প্রতিদিন ৮ থেকে ১০টি ঘর নির্মাণ করা সম্ভব বলেও জানান তিনি।
এদিকে রণদীপ হুদাও নিয়মিত ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন। শিবসাগর রেলস্টেশন ও আশপাশের এলাকায় আশ্রয় নেওয়া বন্যাকবলিত মানুষের জন্য রান্না করা খাবার বিতরণ করছেন তিনি। টানা সাত দিন ধরে এই কার্যক্রম চলছে বলে জানান অভিনেতা।
রণদীপ বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে ‘গ্লোবাল শিখস’-এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি সামর্থ্য অনুযায়ী সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এমকে/বিএম২৪








