বিয়েতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের অনুষ্ঠানে অতিথিদের খাবারে মাংসের পরিমাণ কম দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার কেরোয়া ইউনিয়নের মন্ত্রী পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—বেলাল হোসেন (৪০), শাহিনুর (৪০) ও ইয়াসিন (২২)। স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, কেরোয়া ইউনিয়নের শাহ আলম পাটোয়ারীর মেয়ে নাজমার সঙ্গে কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলে মুক্তার হোসেনের বিয়ে হয়। বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছিল তিন লাখ টাকা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের খাবার পরিবেশনের সময় মাংসের পরিমাণ নিয়ে আপত্তি তোলেন বরের বড় ভাই।
এ নিয়ে আয়োজকদের সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বরও এতে জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের দাবি, বর বাঁশ ও লাঠি নিয়ে হামলার চেষ্টা করেন। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হলে তিনজন আহত হন।
কনের বাবা শাহ আলম পাটোয়ারী বলেন, খাবার পরিবেশন নিয়ে বরের ভাই প্রথমে আপত্তি জানান। এ নিয়ে কথাবার্তা বাড়তে থাকলে বরও উত্তেজিত হয়ে পড়েন। এরপরই মারামারির ঘটনা ঘটে।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদ জানান, সংঘর্ষের পর তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান জানান, বিয়ের অনুষ্ঠানে মারামারির ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।








