ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ এএম
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা

সূত্রঃ ফাইল ছবি

বিনোদন প্রতিবেদক


ইতালির মেস্ত্রে শহরে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার পর এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে হামলার বিষয়ে কথা বলেন তিনি।


বাঁধনের করা লাইভ ভিডিওতে তাঁকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি ও ধাক্কাধাক্কির দৃশ্য দেখা যায়। এ সময় তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাই তাঁর ওপর হামলা চালিয়েছেন।


এদিকে, ভেনিসে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ইতালি আওয়ামী লীগ, নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সংগঠন বা অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বাঁধনের বক্তব্য অনুযায়ী, তিনি হামলার শিকার হয়েছেন এবং এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করছেন।


উল্লেখ্য, ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে আজমেরী হক বাঁধনসহ বাংলাদেশের আরও কয়েকজন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তি বর্তমানে ইতালিতে অবস্থান করছেন।


তবে হামলার প্রকৃত কারণ, কারা এতে জড়িত ছিলেন এবং এ ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা নিয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।