৯ মাসের শিশুর ফুসফুস থেকে বের করা হলো এলইডি বাল্ব

প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১০:৪৩ এএম
৯ মাসের শিশুর ফুসফুস থেকে বের করা হলো এলইডি বাল্ব

ডেস্ক রিপোর্ট: নয় মাস বয়সী এক শিশুর ফুসফুসে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে এলইডি বাল্ব বের করে প্রশংসায় ভাসছেন চিকিৎসকরা। এই অস্ত্রোপচারটি হয় ভারতের পুনের আর্মি ইনস্টিটিউট অব কার্ডিও-থোরাসিক সায়েন্সেস হাসপাতালে। শিশুটি তারসহ একটি বিপজ্জনক এলইডি বাল্ব গিলে ফেলেছিল। বাল্বটি তার বাম ফুসফুসে আটকে যায়। চিকিৎসকরা অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ একটি পদ্ধতির মাধ্যমে সফলভাবে বাল্বটি অপসারণ করেন। চিকিৎসকদের সফলতায় অল্পের জন্য রক্ষা পায় শিশুটি।


ভারতীয় সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড সামাজিকমাধ্যম এক্সে দেওয়া বার্তায় জানিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকরা অত্যন্ত জটিল ব্রঙ্কোস্কোপিক পদ্ধতির মাধ্যমে বাম ফুসফুসের শ্বাসনালীর গভীরে আটকে থাকা তারসহ বিপজ্জনক এলইডি বাল্ব অপসারণ করে শিশুর জীবন বাঁচিয়েছেন।


পোস্টে আরো বলা হয়, ‘শিশুটির জীবন হুমকির মধ্যে ছিল। শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি ছিল। তবে অত্যন্ত দক্ষতার সাথে সামাল দেওয়া হয়েছে। কোনো জটিলতা ছাড়াই শিশুর স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস ফিরিয়ে আনা হয়েছে এবং একটি সম্ভাব্য মারাত্মক পরিণতি এড়ানো সম্ভব হয়েছে।’


সেনাবাহিনী শিশুটির শ্বাসনালী থেকে বের করা ছোট্ট লাল এলইডি বাল্বটির ছবিও শেয়ার করেছে। এরসঙ্গে আগের ও পরের এক্স-রে ছবিও দেওয়া হয়েছে, যেখানে শিশুটির শ্বাসতন্ত্রে আটকে থাকা বাল্বপি স্পষ্টভাবে দেখা যাচ্ছে।


সূত্র: এনডিটিভি