শান্তিপূর্ণ আবহাওয়ার মধ্যে কুড়িগ্রামে ঈদের জামাত আদায়
মোঃ কাজল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি:
গেল দিনগুলোতে টানা বৃষ্টি ও ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছিলো উত্তরের জেলা কুড়িগ্রাম। এর মধ্যে গত ১৩ মে রাত ১ টা থেকে শুরু হওয়া বৃষ্টি শেষ হয় দুপুর ২ টায়। ১৩ মে টানা বৃষ্টিতে সর্বোচ্চ ২১০ মি.মি. বৃষ্টিপাতের রেকর্ড হয় কুড়িগ্রাম জেলায়। তারপর থেকে দিনরাত চলছে বৃষ্টি। টানা বৃষ্টির কারণে চলমান আবহাওয়া নিয়ে অনেকটা দুশ্চিন্তায় পড়তে হয়েছে এই জেলার মানুষজনের। ঈদের দিন ঘনিয়ে আসলে আবহাওয়ার কোন পরিবর্তন না ঘটায় ঈদের নামাজ নিয়েও শঙ্কা সৃষ্টি হয়েছে।
কুরবানির হাটগুলোতেও মাঝে মধ্যে বৃষ্টির জন্য দেখা যায়নি ক্রেতা-বিক্রেতা। দিনমজুরদের কাজেও অনেকটা ব্যাঘাত ঘটায় টানা বৃষ্টি। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তরের তথ্য পেয়ে আরও বেশি দুশ্চিন্তায় পড়তে হয় ঈদের জামাত ও পশু কুরবানি নিয়ে। অনেকে গরু কুরবানি, মাংস কাটা ও বিতরণ নিয়ে উদ্বেগে পড়েন।
তবে কুড়িগ্রামে দুশ্চিন্তা ও শঙ্কামুক্তভাবে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার জামাত। কোন প্রভাব পড়েনি ঝড় কিংবা বৃষ্টির। চাকচিক্য পরিস্কার আকাশের নিচে নামাজ পড়েছে মুসল্লিরা। জেলা প্রায় সব কটি মসজিদে দেখা মিলে খোলা মাঠে নামাজের দৃশ্য।
কুড়িগ্রাম ভেলাকোপা কেন্দ্রীয় জামে মসজিদ, ঈদগাহ, চামড়াগোলা ইত্যাদি বেশ কিছু জায়গায় মুসল্লিরা সন্তোষ প্রকাশ করেছেন।
ভেলাকোপা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ বাচ্চু মিয়া বলেন, কুরবানির ঈদে বৃষ্টি নিয়ে অনেকটা দু চিন্তা ছিলো। কিন্তু আল্লাহ অশেষ রহমতে আকাশ সম্পূর্ণ পরিস্কার ছিল। সবাই সুন্দর পরিবেশে নামাজ আদায় করেছি। এবং নামাজ শেষে সবাই কুরবানির প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।
পরিস্কার আকাশে ঈদের নামাজ শেষে কুরবানির প্রস্তুতি নেওয়া হচ্ছে কুড়িগ্রাম জেলায়।








