সিংগাইরে ভাইয়ের সঙ্গে বিরোধে ভাই নিহত

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫০ এএম
সিংগাইরে ভাইয়ের সঙ্গে বিরোধে ভাই নিহত

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের লোকজনের হামলায় বড় ভাই নজরুল ইসলাম খন্দকার (৬২) নিহত হয়েছেন। সেই সঙ্গে ঘটনায় নিহতের ছেলে অভি খন্দকার (২৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে সিংগাইর পৌর এলাকার গোলড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম খন্দকার ওই এলাকার মৃত গিয়াসউদ্দিন খন্দকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম খন্দকারের সঙ্গে তার ছোট ভাই অহেদ খন্দকার এবং ভাতিজাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন মীমাংসার জন্য স্থানীয় লোকজন উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। বৈঠক চলাকালিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠলে একপর্যায়ে সংঘর্ষ বাঁধ

অভিযোগ রয়েছে, এ সময় প্রতিপক্ষ অহেদ খন্দকারের লোকজন বড় ভাই নজরুল ইসলাম খন্দকারকে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। একই সময় তার ছেলে অভি খন্দকারকে ইট দিয়ে আঘাত করা হয়, এতে তিনিও গুরুতর রক্তাক্ত জখম হন।

পরে স্থানীয়রা আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নজরুল খন্দকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। পরবর্তীতে তাকে সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে,আহত অভি খন্দকার বর্তমানে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

থানার এসআই রেজাউল করিম -২ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মর্মান্তিক এ ঘটনায় পরিবারে বইছে মাতম ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।