চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট চালু সেপ্টেম্বরে, ভাষা ও সংস্কৃতি বিনিময়ে নতুন দিগন্ত

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পিএম
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট চালু সেপ্টেম্বরে, ভাষা ও সংস্কৃতি বিনিময়ে নতুন দিগন্ত

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদারে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কনফুসিয়াস ইনস্টিটিউট। 

চীনের অর্থায়ন এবং ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়-এর সহযোগিতায় গড়ে উঠতে যাওয়া এই ইনস্টিটিউটের কার্যক্রম আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকালে চবি উপাচার্য দপ্তরে এ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইনস্টিটিউটের পরিচালনা কাঠামো, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, নীতিমালা ও অবকাঠামোগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকানের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যবৃন্দ, রেজিস্ট্রার, আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের পরিচালকসহ সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন। চীনা প্রতিনিধি দল ইনস্টিটিউটের ভবন নির্মাণ, শিক্ষক নিয়োগ এবং দ্বিপাক্ষিক একাডেমিক সহযোগিতা বিষয়ে বিস্তারিত তুলে ধরে।


সভায় উপাচার্য বলেন, কনফুসিয়াস ইনস্টিটিউট চালু হলে দুই দেশের শিক্ষার্থীদের মধ্যে বিনিময় কার্যক্রম সহজ হবে। চবির শিক্ষার্থীরা চীনা ভাষা শিখতে পারবে এবং চীনের শিক্ষার্থীরা বাংলা ভাষা শেখার সুযোগ পাবে। এতে বাংলাদেশ ও চীনের মধ্যে ভাষা ও সংস্কৃতিভিত্তিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

মতবিনিময় শেষে চীনা প্রতিনিধিদের ক্যাম্পাস পরিদর্শন করানো হয় এবং ইনস্টিটিউটের অস্থায়ী কার্যালয় ঘুরে দেখা হয়। উভয় পক্ষই একে অপরের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে চীন সরকার, ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, চবি প্রায় দেড় একর জমি প্রদান করবে এবং চীন সরকারের অর্থায়নে ইনস্টিটিউটের অবকাঠামো নির্মাণ করা হবে। এখানে চীনা ও বাংলা ভাষা-সংস্কৃতি উভয়ই শেখানো হবে।