কুতুবদিয়া চ্যানেলে অভিযান: ১৮ হাজার মিটার অবৈধ ইলিশ জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস
কুতুবদিয়া প্রতিনিধি :
শুক্রবার (২৪ এপ্রিল ) কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার সামুদ্রিক জলসীমায় মৎস্য সম্পদ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারের ঘোষিত ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা কার্যকর করতে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন বৃদ্ধি এবং টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করার লক্ষ্যে চলতি বছর থেকে প্রতি বছরের ন্যায় ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সকল প্রকার মৎস্য নৌযানের মাধ্যমে যে কোনো প্রজাতির মাছ আহরণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা নির্মূল-এর সহযোগিতায় কুতুবদিয়া চ্যানেলে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ব্যবহৃত প্রায় ১৮,০০০ মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম নিরুৎসাহিত হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান ও সহায়তা প্রদানে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানানো হয়।
অভিযান বাস্তবায়ন করেন উপজেলা মৎস্য দপ্তর, কুতুবদিয়া, কক্সবাজার।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে এবং ভবিষ্যতে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।









