যিনি মানুষের মৃত্যু সংবাদ প্রচার করতেন আজ তারই মৃত্যু সংবাদ প্রচার হচ্ছে
এ আর সুমন, অষ্টগ্রাম প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন ধরে গ্রামে গ্রামে ঘুরে মাইকিংয়ের মাধ্যমে মানুষের মৃত্যু সংবাদ পৌঁছে দেওয়া পরিচিত মুখ মোঃ মোস্তাক চৌধুরী আর নেই।
শুক্রবার (১৫ মে) সকাল ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
স্থানীয়দের কাছে অত্যন্ত সুপরিচিত এই মানুষটি বছরের পর বছর বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের সুখ-দুঃখের খবর, বিশেষ করে মৃত্যু সংবাদ প্রচারের দায়িত্ব পালন করে আসছিলেন। নিয়তির নির্মম পরিহাস, আজ তার নিজের মৃত্যু সংবাদই প্রচার করছেন অন্য একজন।
মরহুম মোঃ মোস্তাক চৌধুরীর বাড়ি উপজেলার কাজিপাড়া এলাকায়। তার পিতার নাম উমরাজ চৌধুরী। পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তার বয়স আনুমানিক ৭০ বছর ছিল। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
এলাকাবাসী জানান, মোস্তাক চৌধুরী ছিলেন অত্যন্ত সহজ-সরল, সদালাপী ও মানবিক একজন মানুষ। মানুষের প্রয়োজনে তিনি সবসময় পাশে দাঁড়াতেন। তার মৃত্যুতে পরিবার-পরিজনের পাশাপাশি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্বজন ও স্থানীয়রা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।








