বোরো ধান সংগ্রহ অভিযান শুরু, সরাসরি সরকারি গুদামে ধান বিক্রি করছেন কৃষকরা
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের চিতলমারী উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় চিতলমারী সরকারি খাদ্য গুদাম চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের প্রতিনিধি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র ফিতা কেটে বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কাওছার আহমেদ বলেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হচ্ছে, যাতে তারা ন্যায্য মূল্য পান এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে আসে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সিফাত আল মারুফ, উপজেলা খাদ্য পরিদর্শক মুহাইমিনুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আহসান হাবীব ঠান্ডু, চর বানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহিদ শেখ, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উপজেলা খাদ্য পরিদর্শক মুহাইমিনুল ইসলাম জানান, এ বছর উপজেলার ১ হাজার ১৯৮ জন কৃষক সরকারি খাদ্য গুদামে ধান বিক্রির জন্য আবেদন করেছেন। সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে কেনা হচ্ছে। সে অনুযায়ী প্রতি মণ ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৪০ টাকা। আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।
তিনি আরও বলেন, সরকারের এ উদ্যোগের ফলে কৃষকরা তাদের উৎপাদিত ধানের সঠিক মূল্য পাচ্ছেন। এতে একদিকে যেমন কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন, অন্যদিকে দেশের খাদ্য মজুতও সমৃদ্ধ হচ্ছে।








