মাদক ও ছিনতাইয়ের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী

প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৫:২৪ পিএম
মাদক ও ছিনতাইয়ের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় ক্রমবর্ধমান মাদকাসক্তি, ছিনতাই, চুরি ও জুয়ার প্রকোপ বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) বাদ জুম্মা মহানগরীর তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়াম চত্বরে স্থানীয় সচেতন যুব ও ছাত্রসমাজের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত চলা এই মানববন্ধনে তেরখাদিয়া, নতুন বিলশিমলাসহ পার্শ্ববর্তী এলাকার দুই শতাধিক সুশীল সমাজের প্রতিনিধি, কর্মজীবী ও পেশাজীবী মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদক ও ছিনতাই বিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করেন এবং অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়াম, মহিলা কমপ্লেক্স গেট ও বন্ধ গেট এলাকায় দিন দিন নেশাগ্রস্ত উঠতি বয়সী যুবকদের উপদ্রব আশঙ্কাজনক হারে বাড়ছে। এসব এলাকায় সাধারণ পথচারী ও এলাকাবাসী নিয়মিত চুরি, ছিনতাই ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। মাদককারবারিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে, যার ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন মানবাধিকার নেতা ও সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক মাসুদ আলী (পুলক), যুবদল নেতা শুভ, ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাসুম এবং অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এনামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজীউল ইসলাম, রাজপাড়া থানার সাব-ইন্সপেক্টর তরিকুল ইসলাম এবং যুবনেতা রেজাউল করিম বাবু প্রমুখ।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তরুণ প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে বাঁচাতে এবং এলাকাকে নিরাপদ করতে আরএমপি পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট থানাকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় এলাকাবাসী বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।
সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল স্থানীয় প্রশাসনের কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয়।