পূর্ববিরোধের জেরে চিতলমারীতে সংঘর্ষ, হাসপাতালে ভর্তি স্বামী-স্ত্রী
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের চিতলমারী উপজেলার চর শৈলদাহ এলাকায় পূর্ববিরোধের জেরে একই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্বামী-স্ত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, মোসা. ফিরোজা বেগম প্রায় ১৮ বছর আগে কেনা জমিতে পরিবার নিয়ে বসবাস করছেন। ওই জমি নিয়ে তার ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
গত ১৩ মে বিকেলে অভিযুক্তরা তাদের বাড়িতে এসে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ করেন ফিরোজা বেগম। পরে প্রতিবাদ করলে হামলার ঘটনা ঘটে। এতে কবির শেখ মাথা ও মুখে গুরুতর আঘাত পান। স্ত্রী ফিরোজা বেগমও মারধরের শিকার হন।
ভুক্তভোগীর দাবি, হামলার সময় তার গলার স্বর্ণের চেইন ও নগদ অর্থ নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা ঘটনার পর প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








