মার্কেট-শপিং মলে আজ থেকে আলোকসজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৫:০১ এএম
মার্কেট-শপিং মলে আজ থেকে আলোকসজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক বাজারে দ্রুত বাড়ছে জ্বালানি তেলের দাম। সারা বিশ্বে তেল সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি বন্ধ থাকায় অচিরেই বিশ্ববাজারে জ্বালানিসংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। 

এই প্রেক্ষাপটে জ্বালানি তেল সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট ও শপিং মলে আলোকসজ্জা ও অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। 

শনিবার (৭ মার্চ) রাজধানীতে সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, জ্বালানি সাশ্রয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


হেলাল উদ্দিন বলেন, ‘এটি (জ্বালানি সংকট) আন্তর্জাতিকভাবে তৈরি হয়েছে। আমরা মনে করি, যেকোনো কারণেই হোক, আমাদের সাশ্রয়ী হতে হবে। আগামীকাল (আজ রবিবার) থেকে আমরা সব মার্কেটে আলোকসজ্জা বন্ধ রাখব। পাশাপাশি অপ্রয়োজনীয় বাতিগুলোও বন্ধ রাখব।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার এরই মধ্যে দেশের অভ্যন্তরে জ্বালানি তেল রেশনিংয়ের মাধ্যমে সরবরাহ করার উদ্যোগ নিয়েছে। 

তবে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, তেল নিয়ে উদ্বেগের কিছু নেই, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। পাশাপাশি জ্বালানি তেল স্টক করার অপচেষ্টা রোধে রবিবার থেকে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) চালুর কথাও জানিয়েছেন মন্ত্রী।


বা/মে২৪/ম