জাবিতে ৮ম ছায়া জাতিসংঘ সম্মেলন আগামী ১৫-১৭ মে
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হচ্ছে “জাহাঙ্গীরনগর ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৬”-এর অষ্টম সংস্করণ। আগামী ১৫ থেকে ১৭ মে তিনদিন ব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (০৫ মে) ৪ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে ( জাবিসাস) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ফাহমিদা সুলতানা তামান্না এ তথ্য জানান।
তিনি বলেন, জলবায়ু সহনশীল বিশ্ব গঠনে বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে শান্তি, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য। অংশগ্রহণকারীদের জন্য একটি বাস্তবসম্মত কূটনৈতিক অভিজ্ঞতা তৈরির লক্ষ্যে মোট আটটি কমিটি গঠন করা হয়েছে..
কমিটিগুলো হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UNSC), নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা কমিটি (DISEC), ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের অর্থনৈতিক কমিশন (ECLAC), জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (UNHRC), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP), মডেল ন্যাশনাল অ্যাসেম্বলি অব বাংলাদেশ এবং ইউনাইটেড নেশনস নিউজ এজেন্সি (UNNA)।
তিনি আরও বলেন, প্রতিটি কমিটিতে বর্তমান বৈশ্বিক সংকট, নীতিনির্ধারণী চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। এর মধ্যে UNSC ও UNNA কমিটিতে ওপেন এজেন্ডা রাখা হয়েছে, যেখানে চলমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে তাৎক্ষণিক আলোচনা করা যাবে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ১৫ মে সকালে যুব উন্নয়ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। একইদিন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন বিভাগে কমিটি সেশন শুরু হবে। ১৫ ও ১৬ মে পূর্ণাঙ্গ সেশন চলবে এবং ১৭ মে সকাল পর্যন্ত কার্যক্রম শেষে সাভার গলফ ক্লাবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া ১৫ ও ১৬ মে সম্মেলন শেষে সাংস্কৃতিক আয়োজনও রাখা হয়েছে।
এসময় আয়োজকরা জানান, ইতোমধ্যে দেশের ৬৪ জেলা থেকে প্রায় ৩০০ জন ডেলিগেট নিবন্ধন সম্পন্ন করেছেন এবং অংশগ্রহণকারীর সংখ্যা ৩৫০-এ পৌঁছানোর আশা করা হচ্ছে। জাবি শিক্ষার্থীদের জন্য নিবন্ধনের সময়সীমা আরও তিনদিন বাড়ানো হয়েছে। ঢাকার বাইরে থেকে আগত অংশগ্রহণকারীদের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। এক্সিকিউটিভ বোর্ড সদস্যদের জন্য যুব উন্নয়ন কেন্দ্রে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া শাহবাগ, মিরপুর ও উত্তরা রুটে পরিবহন সুবিধাও নিশ্চিত করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া ব্রিটিশ হাইকমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজকদের মতে, এটি শুধুমাত্র একটি বিতর্ক প্রতিযোগিতা নয়; বরং পাবলিক স্পিকিং, নেগোসিয়েশন ও ক্রিটিক্যাল থিংকিং দক্ষতা উন্নয়নের একটি কার্যকর প্ল্যাটফর্ম।









