বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার, বিজিবির হেফাজতে

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৯:৩১ পিএম
বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার, বিজিবির হেফাজতে

মোঃ ওমর ফারুক সুমন, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত এলাকা থেকে একটি ভারতীয় ড্রোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুরে বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্ত এলাকায় ড্রোনটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) আওতাধীন বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ জিরোপয়েন্ট মগলিবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৪১/৮এস সংলগ্ন এলাকায় বিএসএফের ৯৮ হিমালয় ক্যাম্পের একটি টহল দল ড্রোন উড়িয়ে ভিডিও ধারণ করছিল। এ সময় সীমান্তের কাছাকাছি জমিতে কাজ করা এক ব্যক্তির মাথার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে ভুট্টাক্ষেতে বিকট শব্দে পড়ে যায়।

পরে স্থানীয় ওই ব্যক্তি বিষয়টি বিজিবিকে জানালে ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করেন বিজিবি সদস্যরা। বর্তমানে উদ্ধারকৃত ড্রোনটি বিজিবির হেফাজতে রয়েছে।

এ বিষয়ে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মগলিবাড়ী এলাকায় একটি ড্রোন পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।