টাইমস হায়ার এডুকেশন তালিকায় বিজ্ঞান ও প্রযুক্তিতে মাভাবিপ্রবির দ্বিতীয় স্থান

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম
টাইমস হায়ার এডুকেশন তালিকায় বিজ্ঞান ও প্রযুক্তিতে মাভাবিপ্রবির দ্বিতীয় স্থান

সাব্বির, মাভাবিপ্রবি প্রতিনিধি:

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা মূল্যায়ন সংস্থা টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ২৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত এ র‍্যাঙ্কিংয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এশিয়ার ৬০১–৮০০ ব্যান্ডে জায়গা করে নিয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মাভাবিপ্রবি ১১তম স্থানে রয়েছে। এছাড়া আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৯ম। একই সঙ্গে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মাভাবিপ্রবি দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ ক্যাটাগরিতে প্রথম অবস্থানে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

র‍্যাঙ্কিং নির্ধারণে শিক্ষার মান, গবেষণার পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্পখাতের সঙ্গে সংযোগ এবং আন্তর্জাতিক উপস্থিতি—এই পাঁচটি সূচক বিবেচনায় নেওয়া হয়েছে।

তালিকায় দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

এ অর্জনকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করে মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “এ র‌্যাঙ্কিং আমাদের সম্ভাবনার প্রতিফলন। সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং কোয়ালিটি রিভিউ অ্যান্ড র‌্যাঙ্কিং কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

অন্যদিকে, কোয়ালিটি রিভিউ অ্যান্ড র‌্যাঙ্কিং কমিটির (কিউআরআরসি) সেক্রেটারি ও প্রাইমারি রিসার্চ কন্টাক্ট অধ্যাপক ড. জিয়াউর রহমান জানান, র‍্যাঙ্কিং কার্যক্রমকে আরও শক্তিশালী করতে কমিটির তত্ত্বাবধানে তিনটি পৃথক টিম কাজ করছে। তিনি রেপুটেশন সার্ভেতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।